তারেক রহমানের সঙ্গে বিদেশি কূটনীতিকদের ধারাবাহিক বৈঠক

স্টাফ রিপোর্টার
বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছবি: সংগৃহীত
বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ধারাবাহিক বৈঠক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলতি মাসের ৬ জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ২০ জন বিদেশি কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকের ধারা এখনো অব্যাহত রয়েছে।

দলীয় ও কূটনৈতিক সূত্র জানায়, এসব বৈঠকে বিশ্বের একাধিক প্রভাবশালী দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আলোচনায় উঠে এসেছে—আগামী জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে ভবিষ্যৎ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যেসব দেশের কূটনীতিকরা বৈঠক করেছেন, সেগুলোর মধ্যে রয়েছে—চীন, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, রাশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পাকিস্তান, জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন, ইতালি, নেপাল, ভুটান এবং ইউরোপীয় ইউনিয়ন।

বৈঠকগুলোতে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বিএনপির সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের বার্তা দেওয়া হয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন পরিবেশ, রাজনৈতিক অংশগ্রহণ এবং বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা।

সূত্র জানায়, কূটনীতিকরা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে সন্তোষও প্রকাশ করেছেন তারা।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জানান, চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চীন বিএনপির সঙ্গে সহযোগিতা ও বিনিময় আরও গভীর করতে আগ্রহী এবং চীন–বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে প্রস্তুত।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, চীনের সঙ্গে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, দেশ গঠনের রূপরেখা এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, চীন তারেক রহমানের নেতৃত্বকে গুরুত্ব দিয়ে দেখছে।

এদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারম্যানের দৃষ্টিভঙ্গি জানতেই এই বৈঠক। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে আগ্রহী।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় নির্বাচন ছাড়াও এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকট, পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পায়।

পর্যবেক্ষকদের মতে, তারেক রহমানের সঙ্গে বিদেশি কূটনীতিকদের ধারাবাহিক বৈঠক আগামী জাতীয় নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক তৎপরতারই প্রতিফলন। এসব বৈঠকের মাধ্যমে কূটনীতিকরা বিএনপির রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ নীতি ও নির্বাচনী দৃষ্টিভঙ্গি সম্পর্কে সরাসরি ধারণা নিতে চাইছেন।

সম্পর্কিত