লক্ষ্মীপুরে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের লক্ষ্মীপুর জেলা শাখায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকল্পের সপ্তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন অতিথিরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথুয়াইপ্রু মারমা এবং যুব উন্নয়ন অধিদপ্তর, লক্ষ্মীপুরের উপপরিচালক মো. সালেহ উদ্দিনসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। প্রশিক্ষণার্থীরাও তাদের প্রশিক্ষণ অভিজ্ঞতা ও বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের আধুনিক দক্ষতায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।