বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করে এবং সেই অনুযায়ী কাজ করে। ৩১ দফা ঘোষণা করে ৩২ দফা পর্যন্ত বাস্তবায়ন করার উদাহরণও তুলে ধরেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের এভাবে অর্থ দেওয়ার বিষয়টি বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল না। এটিকে তিনি ৩২ নম্বর দফা হিসেবে উল্লেখ করেন। একইভাবে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলের পোশাক দেওয়ার বিষয়টিকে ৩৩ নম্বর দফা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, উৎপাদনমুখী শিক্ষা এবং শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তুলতে জিয়াউর রহমানের সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। কারিগরি শিক্ষাসহ এসব উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, শিক্ষক কল্যাণ ট্রাস্টের পাশাপাশি অবসর সুবিধা হিসেবে একজন শিক্ষক পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত পাবেন। বিশেষ করে গ্রামে থাকা দরিদ্র শিক্ষকদের জন্য এই অর্থ গুরুত্বপূর্ণ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডিজিটাল ব্যবস্থায় অবসর সুবিধার অর্থ সরাসরি শিক্ষকদের ব্যাংক হিসাবে পৌঁছে যাচ্ছে। এতে কোনো ধরনের উৎকোচ দেওয়ার প্রয়োজন হচ্ছে না।
তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর কতটা কাজ বাস্তবায়ন করা হয়েছে—এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ দেখলেই এর জবাব পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।