মিরপুর টেস্টেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক হওয়ার সুযোগ ছিল মুশফিকুর রহিমের। তবে তখন ২৯ রানের জন্য সেই রেকর্ড স্পর্শ করা হয়নি তার। কিন্তু খুব বেশি অপেক্ষা করতে হয়নি অভিজ্ঞ এই ব্যাটারকে।
সিলেট টেস্টেই ইতিহাস গড়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ৩৯ বছর বয়সী এই ব্যাটার পেছনে ফেলেছেন সতীর্থ মমিনুল হককে।
এই ম্যাচের আগে দুজনই সমান ১৩টি করে টেস্ট সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। তবে সিলেট টেস্টে শতকের দেখা পেয়ে এককভাবে শীর্ষস্থান দখল করেন মুশফিক।
ক্যারিয়ারের ১৪তম টেস্ট সেঞ্চুরিটি পূর্ণ করেন দারুণ এক বাউন্ডারিতে। তিন অঙ্ক স্পর্শ করতে যখন প্রয়োজন ছিল মাত্র ১ রান, তখন পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসকে গালি দিয়ে চার মেরে নিজের রেকর্ড গড়া শতক পূর্ণ করেন তিনি।
তবে রেকর্ড গড়ার পরও মুশফিকের উদযাপনে ছিল না বাড়তি উচ্ছ্বাস। আকাশপানে তাকিয়ে দুই হাত উঁচিয়ে উদযাপন শেষ করেন তিনি। পরে সতীর্থ তাইজুল ইসলামকে জড়িয়ে ধরেন এবং সেজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় ধরে নির্ভরতার প্রতীক হয়ে থাকা মুশফিক আবারও প্রমাণ করলেন, বয়স শুধু একটি সংখ্যা। দলের প্রয়োজনে এখনো ব্যাট হাতে তিনি অন্যতম বড় ভরসার নাম।