সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের দুই সহোদর ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজনের (২১) মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের কামারহাট মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দুই ভাইকে।
নিহত সজীব ও সুজন চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের ছেলে। তাদের মধ্যে সজীব ছিলেন বড় এবং সুজন ছোট।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন সজীব। চলতি বছরের শুরুতে ব্যবসায়িক কাজে সহযোগিতার জন্য ছোট ভাই সুজনকেও সৌদি আরবে নিয়ে যান তিনি।
গত ১৫ জুলাই দিবাগত রাতে খেজুর বোঝাই একটি পিকআপ নিয়ে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৭ জুলাই) রাতে তাদের মরদেহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে পৌঁছায়। স্বজন ও এলাকাবাসী শেষবারের মতো তাদের দেখতে বাড়িতে ভিড় করেন।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দুই ভাইকে।
দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা আব্দুল মালেক। তিনি বলেন, সজীবের স্ত্রী ও দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। দুই ছেলেকেই হারিয়ে পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে হারানোর কষ্টে পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে।