রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দলটির নেতারা। তাদের দাবি, বৃহস্পতিবার শুধু প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএনপির নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র দাখিলের পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সমালোচনা করেন। তিনি এমন বৈঠকের নজির আগে দেখেননি বলে মন্তব্য করেন এবং প্রার্থী বাছাইয়ে বিএনপি সংকটে পড়েছিল বলেও দাবি করেন।
এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলীয়ভাবে আলোচনার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। পরে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
তারা আরও বলেন, মির্জা ফখরুলকে প্রার্থী করার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। দলের সব সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করা হয়েছে। এ ধরনের আলোচনা দেশের যেকোনো জায়গায় হতে পারে বলেও জানান তারা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেন, সেখানে কোনো দলের আনুষ্ঠানিক বৈঠক ছিল না।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।