পোরশায় ৫০০ ট্যাপেন্টাডলসহ দুই মাদককারবারি আটক

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়। পরে শনিবার (১৫ আগস্ট) আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার বড়দাদপুর (মুন্নাকুড়ি) গ্রামের তোফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার (৩৩) এবং একই গ্রামের কাচারীপাড়া এলাকার শ্রী বাবুল কর্মকারের ছেলে শ্রী গুরুপদ কর্মকার (২৭)।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে দেলোয়ার হোসেনের কাছ থেকে ৩৫০ পিস এবং গুরুপদ কর্মকারের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া দেলোয়ারের হেফাজত থেকে মাদক বহনে ব্যবহৃত ৬০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের পুরোনো ডায়াং মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ওসি জিয়াউর রহমান আরও জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলার পর আটক দুজনকে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত