বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
 ছবি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ছবি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান তিনি। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জামায়াতে ইসলামীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চিঠিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চিঠিতে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটময় সময়ে নীরব থাকার সুযোগ নেই। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে অর্থবহ আলোচনা এবং দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা জরুরি।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সম্পর্কিত