এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। রোববার (১০ মে) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। মার্চ–এপ্রিল সময়ের জন্য আকুর বিল বাবদ ১৫১ কোটি ৪৯ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ নেমে এসেছে ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ৭ মে পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার এবং বিপিএম–৬ অনুযায়ী তা ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। আকু পরিশোধের আগে রিজার্ভ তুলনামূলকভাবে বেশি থাকলেও নিয়মিত দুই মাস পরপর এই লেনদেন নিষ্পত্তির কারণে সাময়িকভাবে রিজার্ভে পতন দেখা দেয়। এর আগে জানুয়ারি–ফেব্রুয়ারি সময়ে আকু বিল ছিল ১৩৬ কোটি ৮৭ লাখ ডলার, নভেম্বর–ডিসেম্বর সময়ে ১৫৩ কোটি ডলার এবং সেপ্টেম্বর–অক্টোবর সময়ে ১৬১ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আকু বিল পরিশোধের কারণে রিজার্ভে সাময়িক চাপ তৈরি হয়েছে। তবে রপ্তানি আয়, প্রবাসী আয় এবং বৈদেশিক ঋণ সহায়তা বাড়লে রিজার্ভে আবার স্বস্তি ফিরতে পারে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি, খাদ্যপণ্য ও শিল্প কাঁচামাল আমদানির চাপ এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। তাই রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং আমদানি ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ রাখা জরুরি। আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা, যেখানে দুই মাস পরপর আন্তঃদেশীয় বাণিজ্যের দেনা-পাওনা পরিশোধ করা হয়। এর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইরান, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।