সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা নেই। তাদের কর্মপরিধি সমগ্র বাংলাদেশ এবং সংবিধান অনুযায়ী দেশের যেকোনো স্থানে তারা সংসদীয় দায়িত্ব পালন ও সরকারি বরাদ্দ ব্যয় করতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ ৩০০ জন সরাসরি নির্বাচিত সদস্য এবং ৫০ জন সংরক্ষিত নারী সদস্য নিয়ে গঠিত। ৩০০ আসনের সদস্যদের ক্ষেত্রে সীমানা নির্ধারণ আইন প্রযোজ্য হলেও সংরক্ষিত নারী সদস্যদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তাদের নির্বাচনী এলাকা হচ্ছে সমগ্র বাংলাদেশ।
তিনি আরও বলেন, কোনো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য যদি নিজেকে নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ রাখেন, তাহলে তা সংবিধানের ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা পুরো দেশের প্রতিনিধিত্ব করেন এবং আইন অনুযায়ী প্রাপ্ত সরকারি বরাদ্দ বাংলাদেশের যেকোনো স্থানে ব্যয় করার অধিকার তাদের রয়েছে।
সালাউদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের কোনো সংসদ সদস্যের জন্য নির্দিষ্ট কোনো এলাকাকে ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে বিবেচনার সাংবিধানিক ভিত্তি নেই। দেশের যেকোনো অঞ্চলের উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারেন এবং এটি সংসদীয় কাঠামোরই একটি অংশ।