জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে সমর্থন জানিয়েছে।
রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তার নাম ঘোষণা করেন। তিনি বলেন, তারিকুল ইসলাম স্থানীয় সরকারের উন্নয়নে এবং নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষাজীবন শেষ করা তারিকুল ইসলাম ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে ৪৮ দিন কারাবরণ করেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনসহ শিক্ষার্থীদের অধিকার আদায়, আবরার ফাহাদ হত্যার বিচার, এনআরসি-সিএএ বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তিনি কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই আন্দোলনে তিনি “স্লোগান মাস্টার” হিসেবে পরিচিতি পেয়েছেন।
তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং পরে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাকালীন নিউক্লিয়াসের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তারিকুল ইসলাম জাতীয় যুবশক্তির আহ্বায়ক এবং এনসিপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি একজন আইনজীবী।
এনসিপি আশা করছে, তারিকুল ইসলামের নেতৃত্বে কুমিল্লা সিটি করপোরেশনে জনগণের সেবা ও স্থানীয় সরকারের কার্যক্রম আরও শক্তিশালী হবে।