রূপগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে নাসিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের দেবর আলাল মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) গ্রেপ্তার তিনজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নাসিমা বেগম ওই এলাকার বাবুল মীরের স্ত্রী। তাদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত নাসিমা বেগমের দেবর আলাল মিয়া, তার স্ত্রী জোসনা বেগম এবং মেয়ে জামাই শাকিল মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, বাবুল মীর তার জমিতে একটি ভবন নির্মাণ করছিলেন। এ সময় জমির সীমানা নিয়ে তার ভাই আলাল মিয়া আপত্তি জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয় নিয়ে নাসিমা বেগমের সঙ্গে আলাল মিয়ার তর্কবিতর্ক হয়।

একপর্যায়ে আলাল মিয়া, জোসনা বেগম, শাকিল মিয়াসহ কয়েকজন নাসিমা বেগমকে লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আলাল মিয়া, জোসনা বেগম ও শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত