গ্যাস-বিদ্যুৎ সংকট ও ডেঙ্গু নিয়ে সিপিবির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর মোড়ে সিপিবির শান্তিনগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সংকট জনজীবন ও অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। এর পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে।

তারা বলেন, গ্যাস সংকটের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা মানুষের দৈনন্দিন জীবন ও শিল্প উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করছে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাত নানা সমস্যার মুখে পড়ছে।

সমাবেশে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু পরিস্থিতির অবনতিতেও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাদের অভিযোগ, মশা নিধন ও রোগ প্রতিরোধে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কার্যকর ও সমন্বিত উদ্যোগের ঘাটতি রয়েছে।

বক্তারা আরও বলেন, অপর্যাপ্ত মশকনিধন কার্যক্রম, অপরিচ্ছন্ন পরিবেশ, বিভিন্ন স্থানে পানি জমে থাকা এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার কারণে ডেঙ্গু বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

সমাবেশ থেকে অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া, দেশীয় জ্বালানি প্রতিষ্ঠান শক্তিশালী করা, এলএনজি-নির্ভরতা কমানো এবং জনগণের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।

একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরজুড়ে সমন্বিত মশকনিধন অভিযান পরিচালনা, হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা ও ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

সম্পর্কিত