ওয়াকআউট কমানোর আহ্বান স্পিকার হাফিজ উদ্দিনের

স্টাফ রিপোর্টার
 ছবি: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ছবি: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বরিশাল, ১৮ এপ্রিল, ২০২৬ : বিরোধীদলকে কারণে-অকারণে সংসদে ওয়াকআউট না করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শনিবার (১৮ এপ্রিল) বরিশাল চেম্বার অব কমার্সের আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, রাজনৈতিক মতভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ। এতগুলো দল থাকার মূল কারণই হলো ভিন্ন মতের অস্তিত্ব। সব দল যদি একমত হতো, তবে দেশে একটি দলই থাকত।

তিনি বলেন, সংসদে ওয়াকআউট বিরোধীদলের একটি রাজনৈতিক অধিকার। অতীতে তারা বিরোধীদলে থাকাকালেও ওয়াকআউট করেছে। তবে দীর্ঘ সময় ধরে ওয়াকআউট বা সংসদ বয়কট করলে সংসদীয় কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়।

স্পিকার বিরোধীদলকে উদ্দেশ করে বলেন, কারণে-অকারণে ওয়াকআউট না করে সংসদে সক্রিয় ভূমিকা রাখা উচিত। একই সঙ্গে সরকারকে বিরোধীদলকে যথাযথভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যারা স্বৈরশাসনের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছে, তাদের মধ্যে ঐক্য থাকা জরুরি। নইলে বিদেশে অবস্থানরত কেউ দেশে ফিরে আবারও দুঃশাসন কায়েমের সুযোগ নিতে পারে।

স্পিকার আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধীদল উভয়ই জনগণের অধিকার ক্ষুণ্ণ না করে নিজ নিজ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং সম্মিলিতভাবে দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নেবে।

অনুষ্ঠানে চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগও তুলে ধরা হয়।

বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারা।

সম্পর্কিত