বিএনপি পানি খায়, তবে ঘোলা করে: এস এম ফরহাদ

স্টাফ রিপোর্টার
 ছবি: এস এম ফরহাদ
ছবি: এস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেছেন, বিএনপি পানি খায় ঠিকই, তবে একটু ঘোলা করে খায়। বিএনপির রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজশাহী মহানগর ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে গিয়ে সমাবেশে শেষ হয়।

সমাবেশে এস এম ফরহাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ সময় পার হলেও জনগণের ভোট ও আকাঙ্ক্ষার প্রতিফলন এখনো বাস্তবায়িত হয়নি। জনগণ যে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের প্রত্যাশা করেছিল, তা পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, বিএনপিকে নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তার কাছে মনে হয়েছে, দলটি অনেক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে জটিলতা তৈরি করে।

অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহের উদাহরণ দিয়ে এস এম ফরহাদ বলেন, ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রথমে প্রত্যাখ্যান করলেও আন্দোলনের মুখে বিএনপি পরে তা মেনে নিতে বাধ্য হয়েছিল।

রাষ্ট্রপতি ইস্যুতে তিনি বলেন, তারা আগেই রাষ্ট্রপতিকে দায়িত্বে না রাখার আহ্বান জানিয়েছিলেন। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে তাদের আশঙ্কা সত্য হয়েছে বলে দাবি করেন তিনি।

ডাকসুর এই নেতা বলেন, তারা সংশোধনের পরিবর্তে প্রকৃত সংস্কারের পক্ষে। সংবিধানের মৌলিক কাঠামো পুনর্গঠনের জন্য একটি সংস্কার পরিষদের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন হবে। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলে অভিযোগ করেন তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সম্পর্কিত