ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে: শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
 ছবি: জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
ছবি: জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দলের লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে জামায়াতের অবস্থান সবসময়ই দৃঢ় থাকবে।

শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নতুন বা পুরোনো—যেখানেই ফ্যাসিবাদ থাকবে, সেখানেই প্রতিরোধ ও প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দলের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা দুটি ভোট দিলেও একটি ভোটের মূল্যায়ন করা হয়নি। তার দাবি, কোনো ভোটই অগুরুত্বপূর্ণ নয় এবং প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করা হয়েছে।

জামায়াত আমির আরও বলেন, বর্তমান সরকার মৌলিক বিভিন্ন বিষয়ে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, স্বাধীন গুম কমিশন এবং স্বাধীন নির্বাচন কমিশন নিশ্চিত করা হয়নি।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ন্যায্য অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ অধিকার থেকে বঞ্চিত করলে তা আদায়ে আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত হত্যা ও পুশইনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশের সীমান্তে বিদ্যমান সমস্যাগুলো মোকাবিলায় জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। তিনি সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনকারী বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে জাতীয় স্বার্থে সরকারি দল ও বিরোধী দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্পর্কিত