রামিসার বাবাকে হাসপাতালে দেখতে গেলেন শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে নির্যাতনের শিকার হয়ে নিহত শিশু রামিসার অসুস্থ বাবা হান্নান মোল্লার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১ জুন) বিকেলে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন হান্নান মোল্লাকে দেখতে যান এবং তার প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সেলিম উদ্দিন জানান, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই দিনই পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশত্যাগ করেছিলেন ডা. শফিকুর রহমান। বিমানবন্দরে তাকে বিদায় জানানোর পর দলের নেতারা রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তার সমবেদনা বার্তা পৌঁছে দেন।

তিনি আরও বলেন, হজ পালনের সময়ও জামায়াত আমির নিয়মিত রামিসার পরিবারের খোঁজখবর নিয়েছেন। দেশে ফিরে তিনি সরাসরি রামিসার বাসায় যেতে চাইলেও রামিসার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন জানতে পেরে প্রথমে হাসপাতালে যান।

হাসপাতালে অবস্থানকালে ডা. শফিকুর রহমান হান্নান মোল্লার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে তিনি শিশু রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সম্পর্কিত