দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষাঙ্গনে দখলবাজি ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসমুক্ত রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ডা. শফিকুর রহমান বলেন, দখলবাজি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে মূল্যবান জীবন ঝরে যাচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘১ শতাংশ মানুষের হাতে কেন ৯৯ শতাংশ মানুষ জিম্মি থাকবে?’ এ পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আমি একটি নিরাপদ বাংলাদেশে বসবাস করতে চাই।’
শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষাঙ্গনে আর দা বা আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি দেখতে চান না। তার মতে, একজন শিক্ষার্থী যেন নিরাপদ পরিবেশে বেড়ে উঠে নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেটিই হওয়া উচিত লক্ষ্য।
গবেষণাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমানে যে বরাদ্দ দেওয়া হয় তা খুবই অপ্রতুল, যা দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকার ভালো কাজ করলে বিরোধীদল সমর্থন দেবে, তবে কোনো ভুল সিদ্ধান্ত হলে কঠোরভাবে বিরোধিতা করা হবে।