ত্রয়োদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণঅভ্যুত্থান হবে না। গণঅভ্যুত্থান নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল, তা পূরণ না হওয়ায় ভবিষ্যতে একই ধরনের আন্দোলনে জনগণ সহজে অংশ নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতি : সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘যত সহজে আপনারা বলেন আরেকটা গণঅভ্যুত্থান আমরা করব, বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণঅভ্যুত্থান হবে না।’ তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় মানুষের যে স্বপ্ন ছিল, পরবর্তীতে তা বাস্তবায়িত হয়নি। তার ভাষ্য অনুযায়ী, আন্দোলনকে কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে বলে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে উগ্রবাদের উত্থান হয়েছে। এই পরিস্থিতির কথা আগে জানা থাকলে আন্দোলনে অংশ নেওয়ার বিষয়ে অনেকেই পুনর্বিবেচনা করতেন বলেও মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের গণ-আন্দোলনের পরও দেশের সাধারণ মানুষ প্রত্যাশা অনুযায়ী সুফল পায়নি। তার দাবি, দেশের মানুষ বারবার ত্যাগ স্বীকার করলেও বারবার প্রতারিত হয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান আহমেদ, জেএসডির সহসভাপতি নুরুল আখতার এবং সিরাজ মিয়াসহ অন্যরা।