নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ রাশেদের

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
ছবি: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদের ভেতরে ‘গুপ্ত জামায়াত-শিবির (জাশি)’ কাজ করছে বলে অভিযোগ করেছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (১৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। রাশেদ খান দাবি করেন, দলের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি গোষ্ঠীর কারণে তিনি গণ অধিকার পরিষদ ছাড়তে বাধ্য হয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর তরুণদের রাজনীতির একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, যা জামায়াত-শিবির ধীরে ধীরে নষ্ট করেছে। তার ভাষায়, তারা নতুন রাজনৈতিক শক্তিকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করেছে।

রাশেদ খান আরও অভিযোগ করেন, এনসিপি ও গণ অধিকার পরিষদের মধ্যে জামায়াত-শিবিরের কর্মী ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে দলগুলো নিজেদের স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে পারছে না।

তিনি দাবি করেন, এনসিপির একটি বড় অংশও ওই প্রভাবের মধ্যে রয়েছে এবং তারা দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারছে না।

নিজের পদত্যাগ প্রসঙ্গে তিনি লেখেন, গণ অধিকার পরিষদের ভেতরে ওই গোষ্ঠীর চাপ ও আচরণের কারণে তিনি দল ছাড়েন। তার দাবি, এ সময় তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা হয় এবং দলীয় নেতৃত্বকে প্রভাবিত করার চেষ্টা চলছিল।

রাশেদ খান আরও অভিযোগ করেন, নুরুল হক নুরকে মন্ত্রিত্ব থেকে সরানোর পরিকল্পনাও ওই গোষ্ঠীর একটি অংশ।

তবে এসব অভিযোগের বিষয়ে গণ অধিকার পরিষদ বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন এবং পরে নির্বাচনে অংশ নেন।

সম্পর্কিত