প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন,
ফ্যামিলি কার্ড পরিবারের মা-বোনদের দেওয়া হচ্ছে, যা নারীদের জন্য একটি সেফগার্ড হিসেবে কাজ করবে।
শনিবার (১৬ মে) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বুধবারিয়া বাজারে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রে নারীরা নির্যাতন ও জিম্মির শিকার হন। যৌতুক বা শ্বশুরবাড়ি থেকে অর্থ আনার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়। এ অবস্থায় ফ্যামিলি কার্ড নারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।
নুরুল হক নুর আরও বলেন, পরিশ্রমী নারীরা এই কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ সঞ্চয় করে পরিবারকে স্বাবলম্বী করতে পারবেন। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং নারীদের ক্ষমতায়নের একটি উদ্যোগ।
তিনি জানান, গলাচিপা ও দশমিনা এলাকার জন্য প্রথমে তালিকা করা হলেও প্রাথমিক পর্যায়ে কিছু জটিলতার কারণে দশমিনার কার্যক্রম বাদ পড়েছে। তবে দ্রুতই সব ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো প্রকৃত অসহায় মানুষের কাছে সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা পৌঁছে দেওয়া। রাজনৈতিক বিবেচনায় কোনো কার্ড দেওয়া হচ্ছে না।
প্রতিমন্ত্রী গ্রামীণ উন্নয়ন প্রসঙ্গে বলেন, খাল খনন, রাস্তা, স্কুল ও ব্রিজ নির্মাণের কাজ চলমান রয়েছে এবং আগামী দুই বছরের মধ্যে গলাচিপা-দশমিনা অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে বড় পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ (বিপিএম সেবা), উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করা হয়।