অনেক প্রাণের বিনিময়ে অর্জিত ১৭ বছরের পরের বাংলাদেশকে পুরোনো রাজনৈতিক পরিস্থিতিতে না ফেরানোর আহ্বান জানিয়েছেন এনসিপি নেত্রী ও মহিলা সংরক্ষিত আসনের এমপি Dr. Mahmudah Mitu। তিনি বলেছেন, অতীতের মতো পরিস্থিতিতে ফিরে গেলে তার ফল দেশের জন্য ভালো হবে না।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
ডা. মিতু বলেন, বিগত ১৭ বছরে দেশের মানুষ নানা রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। তিনি বলেন, বর্তমান সংসদকে অনেকেই ‘মজলুমের সংসদ’ হিসেবে অভিহিত করেন, যা খুব ছোট কোনো বিষয় নয়।
তিনি আরও উল্লেখ করেন, এই সংসদে এমন অনেক সদস্য আছেন যারা জীবনের নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন—কেউ স্বজন হারিয়েছেন, কেউ রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়েছেন, আবার কেউ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তার ভাষায়, এটি একটি ত্যাগ ও সংগ্রামের সংসদ।
রাজনৈতিক জীবনকে তিনি সহজ পথ নয় বলে মন্তব্য করেন। তার মতে, রাজনীতিতে ত্যাগ, ঝুঁকি ও লড়াই সবসময়ই থাকে, যেখানে জয়-পরাজয় থাকলেও সংগ্রাম কখনো শেষ হয় না।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বহুদিন সেই শান্তির ঘুমটা আর ঘুমাই না।’