ঢাকা-তে নাহিদ ইসলাম বলেছেন, পয়লা বৈশাখে হালখাতার মতো জাতীয় জীবনের সব ‘বকেয়া’ পরিশোধ করতে হবে, যার মধ্যে প্রধান হলো জুলাই সনদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন,
সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুনভাবে কার্যক্রম শুরু করেছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তিনি দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরও জনগণ কাঙ্ক্ষিত সংস্কার পায়নি, ফলে রাষ্ট্রীয়ভাবে ‘বকেয়া’ রয়ে গেছে।
তিনি আরও বলেন, নববর্ষের হালখাতার মতো করে জাতীয় জীবনের সব বকেয়া নিষ্পত্তি করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি গণভোটের রায় অনুযায়ী সংস্কার কার্যকর করার দাবি জানান তিনি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন,
কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা হয়েছে, যা জনগণের সঙ্গে ‘বেইমানি’ বলে তিনি মন্তব্য করেন। দ্রুত সেগুলো আবার বিল আকারে এনে আইনে পরিণত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নতুন বছরের প্রত্যাশা হলো একটি ‘নতুন বাংলাদেশ’, যেখানে তরুণদের ত্যাগ ও রক্তের মূল্যায়ন হবে এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করা হবে।