এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদরা ২৪’র গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেননি। তবে, এই অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে। মঞ্জু বলেন, সরাসরি অংশগ্রহণ না করার কারণে সরকারের নেওয়া পদক্ষেপগুলো অভ্যুত্থানের পক্ষে না গিয়ে বিপক্ষে যাচ্ছে। তিনি সরকারকে জনগণের আশা-আকাঙ্ক্ষার আলোকে দেশ পরিচালনার আহ্বান জানান।
সোমবার (০৯ মার্চ) দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মুজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন। এ সময় এ বি পার্টির ফেনী জেলা কমিটির সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ ও চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের পক্ষপাতপুষ্ট আচরণ, নির্বাচনের সময় দলীয় নেতাকর্মীদের ওপর হামলার বিষয়েও আলোচনা করেন। এছাড়া, জুলাই সনদ আদালতে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতাদের হাত থাকায় এই সনদকে প্রশ্নবিদ্ধ করা সম্ভব হয়েছে। মঞ্জু অভিযোগ করেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের পদক্ষেপ ২৪'র গণঅভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত নিচ্ছে।