চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পৌঁছে তিনি কিছু সময় মান্নার শয্যার পাশে অবস্থান করেন। এ সময় চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
মির্জা ফখরুল বলেন, মাহমুদুর রহমান মান্না একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা। তার সুস্থতা দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি মান্নার দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় নাগরিক ঐক্য ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা হাসপাতালে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।