বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে যারা মন্তব্য করেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর আমিরকে দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, জামায়াত নিজেই গণতান্ত্রিক দল কি না।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির বিষয়ে যারা ফ্যাসিবাদের অভিযোগ তোলেন, তাদের বক্তব্য সঠিক নয়। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)।
তিনি আরও বলেন, কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে। পাশাপাশি চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, মহানগর বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ মহানগর ও জেলা বিএনপির স্থানীয় নেতারা।