প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারকে বিব্রত করার চেষ্টা করা উচিত নয়। তিনি বলেন, স্লোগান দিয়ে নিজেদের দাবি জানানো যেতে পারে, তবে তা নির্দিষ্ট পদ্ধতি ও সিস্টেমের মধ্যে হওয়া উচিত।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস উল্লেখ করেন, “কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার কোটি মানুষের ভোটে নির্বাচিত সরকার। কেউ যদি দাবি জানাতে চান, সেটা সিস্টেম অনুযায়ী করা উচিত।”
তিনি আরও বলেন, কিছু মানুষ ক্ষমতায় যাওয়ার লোভে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। পবিত্র রমজান মাসে দয়া করে মিথ্যা কথা, অপপ্রচার এবং উল্টাপাল্টা গালিগালাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, সত্য কথার উপর ভিত্তি করে ক্যারিয়ার গড়ে তুলতে হবে।
মির্জা আব্বাস বর্তমান সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের প্রসঙ্গ টেনে বলেন, ক্ষমতায় আসার মাত্র কয়েক দিনে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, এবং সামনে কৃষক কার্ডসহ আরও উদ্যোগ আসছে। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “অনেকে এমনভাবে সমালোচনা করছেন যেন সরকার হাজার বছর ক্ষমতায় আছে, অথচ গত ১৭ বছর অন্য একটি দল ক্ষমতায় ছিল।”
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদসহ বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ হোসাইন ও আবু জাফর।