মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দীর্ঘ চিকিৎসার পর তিনি এখন অনেকটাই শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।
বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বলেন, বর্তমানে মির্জা আব্বাস পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন এবং তার শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি ভিডিও বার্তার মাধ্যমে সবার সামনে আসবেন এবং সবার কাছে দোয়া চাইবেন।
পরিবার সূত্রে আরও জানা গেছে, প্রয়োজনীয় চিকিৎসা ও থেরাপি সম্পন্ন করে তিনি দ্রুত দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান এবং সেখান থেকে বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।