ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে গিয়ে ‘জামাই আদরে’ প্রতিপালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য ভারত সরকারের কাছে হস্তান্তরের দাবি জানানো উচিত।
আওয়ামী লীগ আমলে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সমাবেশের সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
মামুনুল হক বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হলেও তা যেন নতুন বা পুরোনো কোনো রূপেই ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে বর্তমান সরকারের অবস্থান টালবাহানা পূর্ণ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলে ইতিহাসে এর কঠিন পরিণতি হবে।
সমাবেশে নাহিদ ইসলামও বক্তব্য দেন। তিনি বলেন, সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে, না হলে সরকার তার নির্ধারিত মেয়াদ পূর্ণ করতে পারবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির আহমদ আলী কাসেমী, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, এবং জামায়াতের মহানগর নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতা।