লক্ষ্মীপুর-৪ আসনে নারীদের কল্যাণের অঙ্গীকারে ভোট চাইছেন একমাত্র নারী প্রার্থী তানিয়া রব

সবুজ সাহা
লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণায় ভোটারদের সঙ্গে কথা বলছেন একমাত্র নারী প্রার্থী তানিয়া রব। ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণায় ভোটারদের সঙ্গে কথা বলছেন একমাত্র নারী প্রার্থী তানিয়া রব। ছবি: দৈনিক নতুনচাঁদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে নারীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন একমাত্র নারী প্রার্থী তানিয়া রব। তিনি এই আসনে জেএসডির সহ-সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ২ শত ৯৩ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ১ লক্ষ ৯৯ হাজার ১ জন। মোট ৯ জন প্রার্থীর মধ্যে তানিয়া রবই একমাত্র নারী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তানিয়া রব নারীর প্রতি সহিংসতা রোধ, যৌতুক প্রথা বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং দুস্থ ও অসহায় নারীদের পুনর্বাসনে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট ও দোয়া চাইছেন। এসব অঙ্গীকার নারীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলছে।

নির্বাচনী প্রচারণাকালে রামগতি উপজেলার আলেকজেন্ডার পৌরসভার ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগের সময় তানিয়া রব বলেন, এই অঞ্চলের অধিকাংশ মানুষ দরিদ্র ও অশিক্ষিত। ফলে যৌতুক, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতার মতো সামাজিক ব্যাধি এখানে ভয়াবহ আকার ধারণ করেছে। এসব সমস্যা দূর করতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, নারীদের স্বার্থ রক্ষায় কাজ করতে গিয়ে বিভিন্ন সময় নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। সমাজে পুরুষরা মুখে নারীর মর্যাদার কথা বললেও বাস্তবে এখনো নারীদের বৈষম্যের চোখে দেখা হয়। এই মানসিকতার পরিবর্তন আনতেই তিনি সংসদে নারীদের পক্ষে সোচ্চার ভূমিকা রাখতে চান।

সম্পর্কিত