বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত
বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

তিনি অভিযোগ করেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারত না। মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সম্পর্কিত