লক্ষ্মীপুরে স্ত্রীর শর্তে বিবাদ, স্বামীর আত্মহত্যা

রামগতি (লক্ষ্মীপুর প্রতিনিধি)
 ছবি: নিহত মোহাম্মদ আনোয়ার হোসেন
ছবি: নিহত মোহাম্মদ আনোয়ার হোসেন

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রীর দেওয়া একাধিক শর্ত ও পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৭ মে) ভোরে উপজেলার চরআলগী ইউনিয়নের সুফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ওই এলাকার জবিউল ডাক্তারের ছোট ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তিনি একই এলাকার ইয়াসমিন আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।

পরিবারের দাবি অনুযায়ী, স্ত্রী ইয়াসমিন সংসার চালাতে ৯ দফা লিখিত শর্ত দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—স্বামীর মা-বোনের হস্তক্ষেপ বন্ধ রাখা, শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না করা, স্বর্ণালংকার ফেরত দেওয়া, দেনমোহরের পরিবর্তে ২০ শতাংশ জমি নিজের নামে লিখে দেওয়া এবং পারিবারিক বিষয়ে স্বাধীনতা নিশ্চিত করা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব শর্ত মানা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। বিষয়টি সমাধানের জন্য আনোয়ার শ্বশুরবাড়িতে গেলে সেখানে তাকে অপমান করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

পরবর্তীতে নিজ বাড়িতে ফিরে এসে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

এ বিষয়ে স্ত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত