বিভাজনের রাজনীতি তরুণদের ক্ষতি করবে: হাসনাত

স্টাফ রিপোর্টার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পথসভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পথসভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি:

Hasnat Abdullah বলেছেন, বিভাজনের রাজনীতিতে দেশের তরুণ প্রজন্ম কখনোই উপকৃত হবে না। তিনি মনে করেন, তরুণদের জন্য কর্মসংস্থান ও সম্ভাবনার পরিবেশ তৈরি করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

সোমবার (১৮ মে) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের আল্লাহর নিরানব্বই নাম চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, স্কুল-কলেজের পড়াশোনা শেষ করার পর তরুণদের যেন হতাশ হতে না হয়, সে পরিবেশ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। প্রত্যেকে যাতে নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি পায়, সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে কর্মসংস্থানের সুযোগ সীমিত হলে বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর ক্ষেত্রেও সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বেসরকারি খাত আরও উন্মুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তার ভাষায়, প্রাইভেট সেক্টরগুলো এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তরুণ প্রজন্ম নিজেরাই নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে।

বর্তমান রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এমন রাজনীতি গড়ে তুলতে হবে যাতে বিদেশমুখী তরুণদের আর দেশ ছাড়ার স্বপ্ন দেখতে না হয়। বরং বিদেশে থাকা বাংলাদেশিরা কীভাবে নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগাতে পারেন, সেই নীতি নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, বিভাজনের রাজনীতি, ট্যাগিংয়ের রাজনীতি এবং একজনকে আরেকজনের শত্রু বানানোর সংস্কৃতি চলতে থাকলে দেশের তরুণ সমাজ কখনোই উপকৃত হবে না।

ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি শাখার প্রধান সমন্বয়কারী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক Navid Nowroz Shah।

সম্পর্কিত