ভোট চুরি নয়, ফলাফল চুরি করছে সরকার: হাসনাত

স্টাফ রিপোর্টার
 ছবি: হাসনাত আবদুল্লাহ
ছবি: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, অতীতের সরকার ভোট চুরি করত, আর বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করছে। তিনি বলেন, গণভোটের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার জনগণের প্রত্যাশা ভঙ্গ করেছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বেকার যুবকদের জন্য কার্যকর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। তরুণদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, লোডশেডিং বাড়ছে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান হয়নি। এর প্রভাবে নিত্যপণ্যের দামসহ বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।

গণভোট প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, সরকার এখন গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। এতে জনগণ হতাশ হয়েছে। তিনি বলেন, অতীতের সরকার ভোট চুরি করত, আর বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পৃথক এক পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে আসছে। কিন্তু দেশের মূল সমস্যাগুলোর স্থায়ী সমাধান নিয়ে কার্যকর আলোচনা হচ্ছে না।

রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বাংলাদেশকে একটি ঘরের সঙ্গে তুলনা করে বলেন, দেশের প্রতিষ্ঠানগুলো সংস্কার প্রয়োজন। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন জরুরি।

তিনি অভিযোগ করেন, স্বাধীন পুলিশ কমিশন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, গুম কমিশন ও মানবাধিকার কমিশনের মতো সংস্কারের দাবি পূরণ হয়নি। সরকার তরুণদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ প্রশাসনের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে হাসনাত বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের নয়, পুলিশ জনগণের। রাজনৈতিক প্রভাবমুক্ত একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন, যাতে পুলিশ সদস্যরা অন্যায় নির্দেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তরুণদের আত্মত্যাগের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনকে অর্থবহ করতে হলে রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে।

চাঁদাবাজি, দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান জানিয়ে তিনি বলেন, ব্যক্তি পরিবর্তন নয়, অন্যায়ের অবসানই তাদের লক্ষ্য। বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কোনো দল—যে-ই অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে।

তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত