জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, নির্বাচনে জনগণের রায় নিয়ে যে দল সরকার গঠন করবে, তারা নিজেদের নির্বাচনী ইশতেহারের আলোকে জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদে কোন কোন দল সম্মতি দিয়েছে এবং কোন দল দেয়নি, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। জনগণের রায়ের ভিত্তিতে সরকার গঠনকারী দল নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এখন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদের লক্ষ্য শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা বলে তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতিতে বিশ্বাসী। এ দেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়। হিন্দু, মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে চায়। বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

১১ দলীয় জোটের সমালোচনা করে তিনি বলেন, তাদের পক্ষে জনগণের উল্লেখযোগ্য সমর্থন নেই এবং বিভিন্ন কর্মসূচিতে জনসম্পৃক্ততাও কম।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি দলীয় প্রতীকে নির্বাচন করবে না। তবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সমন্বয়ের মাধ্যমে একজন করে প্রার্থী নির্ধারণ করতে হবে, যাতে ভোট বিভক্ত না হয়।

সম্পর্কিত