আগামী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে আনুমানিক ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বৈঠকে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের এক প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময়ে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে দক্ষ ও পেশাদার জনশক্তি পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং বিদ্যমান বাজার সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে।
নুরুল হক নুর আরও জানান, যেসব দেশে বর্তমানে বাংলাদেশি কর্মী নিয়োগ সীমিত বা বন্ধ রয়েছে, সেসব দেশের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার জন্য কূটনৈতিক ও দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষ করে মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে এ বিষয়ে সরকারের আলোচনা চলমান রয়েছে।
সরকার আশা করছে, আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।