পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শনিবার (৬ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এনসিপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও সচেতনতামূলক আলোচনা-সেমিনার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে তাদের বড় পরিসরে কাজের সুযোগ সীমিত হলেও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই এনসিপি ঢাকা মহানগর উত্তর এ কর্মসূচি হাতে নিয়েছে।
আসিফ মাহমুদ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দেশে বনভূমির পরিমাণ ক্রমেই কমে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে বনভূমি প্রায় ১০ শতাংশে নেমে এসেছে, অথচ পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি অন্তত ২৫ শতাংশ হওয়া প্রয়োজন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো তার দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।
তিনি আরও বলেন, রাজধানী ঢাকা বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও অপরিকল্পিত নগরায়ণের কারণে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। এ কারণে নগরবাসী শারীরিক ও মানসিক নানা ঝুঁকিতে রয়েছে।
সিটি করপোরেশনের দায়িত্বশীলদের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের অপেক্ষায় না থেকে বর্তমান সময়েই পরিবেশ উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। পরিবেশ সংরক্ষণ একটি চলমান প্রক্রিয়া, যা থেমে থাকতে পারে না।
অনুষ্ঠানের শেষে তিনি সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।