অনিয়মের ফাইল প্রকাশে প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ আসিফের

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অনিয়মের অভিযোগ সংক্রান্ত নির্দিষ্ট ফাইল প্রকাশের আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী যে অভিযোগ তুলেছেন, সেটি স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট ফাইল প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, কোনো অনিয়ম হয়ে থাকলে তা জানার অধিকার জনগণের রয়েছে।

তিনি আরও বলেন, কোনো কারণে সচিব অনুপস্থিত থাকলে জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে এবং সেটি মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদনক্রমে হয়ে থাকে। এমন কিছু হয়ে থাকলে সেখানে আইনের ব্যত্যয় নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়া ফাইল অনুমোদন করেছিলেন।

এদিকে স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন কার্যক্রমে ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ের কার্যক্রম তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে।

পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়ে বক্তব্যে প্রতিমন্ত্রী অনিয়মের অভিযোগ তুলে ধরেন এবং বন্ধ উন্নয়ন প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান।

সম্পর্কিত