জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে বিভিন্ন কৌশলে অবস্থান নেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন পরিচয়ে টকশো ও অন্যান্য মাধ্যমে এমন বক্তব্য দেওয়া হচ্ছে, যা জুলাইয়ের বিপক্ষে জনমত তৈরির প্রচেষ্টা বলে তিনি দাবি করেন।
বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলের আইডিবি মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, সরকারের উচিত দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা। তিনি বলেন, দেশের মানুষ আর রক্তপাত দেখতে চায় না। তারা গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার ও রূপান্তর দেখতে চায়।
তিনি দাবি করেন, সরকারদলীয় নেতারা সংসদে বলেছেন, গণভোটের চারটি প্রশ্নের মধ্যে সাড়ে তিনটি মেনে নেওয়া হয়েছে। তবে বাকি অংশ বাস্তবায়ন না করার সুযোগ নেই, কারণ জনগণের প্রায় ৭০ শতাংশ ভোটার চারটি প্রশ্নের পক্ষেই মত দিয়েছেন।
এনসিপির সদস্যসচিব বলেন, রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, বিচার বিভাগে স্বাধীন ও স্বচ্ছ নিয়োগব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকারের নতুন কাঠামো এবং সরকারি কর্ম কমিশন ও দুর্নীতি দমন কমিশনে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন প্রয়োজন। এসব বিষয় বাস্তবায়ন না হলে সরকার কোন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে চায়— এমন প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের প্রতি বারবার আহ্বান জানানো হবে, যাতে গণভোটের রায় অনুযায়ী দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়।