ঝিনাইদহের শৈলকূপা উপজেলা হাকিমপুর গ্রামে বিএনপির দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাতে সংঘর্ষ চলাকালে ৩টি বাড়িঘরও ভাংচুর করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাস ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুন বিশ্বাস এর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার রাতে বাক-বিতন্ডার পর উভয়পক্ষ ঢাল, সড়কি, রামদা ও গ্রাম্য অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের ফলে আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, আহতরা চিকিৎসাধীন আছেন এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।