লালদীঘি ময়দানে ১১ দলের সমাবেশ, চট্টগ্রামে শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের সমাবেশে নেতাকর্মীদের সমাগম। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের সমাবেশে নেতাকর্মীদের সমাগম। ছবি: সংগৃহীত

ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৩ জুন) বিকেলে লালদীঘি ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় জোট।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে লালদীঘি ময়দানে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীরবিক্রম), জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের নেতৃবৃন্দ।

সমাবেশের সভাপতিত্ব করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।

আয়োজকরা জানান, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেবেন। শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে মাঠ পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশ সফল করতে তাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, এই সমাবেশ কোনো দলীয় স্বার্থে নয়; বরং জনগণের অধিকার, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার দাবিকে তুলে ধরার একটি গণমঞ্চ।

সম্পর্কিত