আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা একই মঞ্চে জনগণের মুখোমুখি হয়েছেন। এ সময় সাধারণ ভোটাররা সরাসরি প্রার্থীদের কাছে প্রশ্ন করেন এবং প্রার্থীরাও তাৎক্ষণিকভাবে জনতার প্রশ্নের উত্তর দেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত “প্রার্থী-ভোটার মুখোমুখি” অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ছয়জন সংসদ সদস্য প্রার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গণবিরোধী, দুর্নীতিবাজ ও নারী বিদ্বেষীদের ভোট না দেওয়ার শপথ করানো হয়। সভায় সভাপতিত্ব করেন সুজন লক্ষ্মীপুর জেলা সভাপতি কামাল উদ্দিন।
এক প্রশ্নের জবাবে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন,
বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলের ঘোষিত ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সরকারের নেতৃত্ব দেবেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানসহ সব খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন,
লক্ষ্মীপুর থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। এর পাশাপাশি নৈতিকতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ইব্রাহীম বলেন,
ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সময় খুব দূরে নয়। তিনি জনগণকে ইসলামী আন্দোলনের ছায়াতলে এসে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীরাও তাদের নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন পরিকল্পনা ও এলাকার সমস্যা সমাধানে নিজ নিজ অবস্থান তুলে ধরেন। এ সময় উপস্থিত ভোটাররা বলেন, এ ধরনের প্রার্থী-ভোটার মুখোমুখি আয়োজন প্রার্থীদের যোগ্যতা, রাজনৈতিক অবস্থান ও প্রতিশ্রুতি যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে তাদের উৎসাহিত করছে।