লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের ভুয়া সিল উদ্ধারের ঘটনায় কার নির্দেশে এসব সিল তৈরি হয়েছে, তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “এই ছয়টি সিলের বাইরে আর কোনো ভুয়া সিল তৈরি হয়নি, তার নিশ্চয়তা কোথায়?” এমন প্রশ্ন তুলে তিনি বিষয়টির নিরপেক্ষ ও গভীর তদন্তের আহ্বান জানান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের এই প্রার্থী।
প্রেস কনফারেন্সে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ভোটের সিল উদ্ধারের ঘটনা কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক বিষয় নয়। এর পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের গভীর চক্রান্ত রয়েছে। একটি প্রিন্টিং প্রতিষ্ঠান থেকে সিল ও কম্পিউটার জব্দ করা হলেও এই চক্রের মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, কার ইন্ধনে এবং কার নির্দেশনায় এসব ভুয়া সিল তৈরি হয়েছে, তা উদঘাটন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের আরও সক্রিয় ও দৃঢ় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, শুধু একটি স্থানেই নয়, লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় কোথায় কোথায় এ ধরনের জালিয়াতি হচ্ছে, তা খুঁজে বের করা জরুরি। ভুয়া সিলের পাশাপাশি নকল ব্যালট পেপার তৈরি বা সরবরাহ হচ্ছে কিনা, সে বিষয়েও কঠোর নজরদারি প্রয়োজন। প্রতিটি ভোটকেন্দ্রে যেন জাল ভোট দেওয়ার কোনো সুযোগ না থাকে, সে জন্য কার্যকর ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে। সহিংসতা, ভয়ভীতি, প্রশাসনিক প্রভাব এবং নির্বাচন ব্যবস্থায় নানা অনিয়মের মাধ্যমে একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ভোটারদের আইডি কার্ড সংগ্রহ, নগদ অর্থ বিতরণ এবং বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করার ঘটনাও ঘটছে। এসব কর্মকাণ্ড পুরো নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রেস কনফারেন্সে তিনি আরও অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা, মামলা ও হয়রানি অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় পোস্টার ছেঁড়া, নির্বাচনী প্রচারে বাধা এবং সহিংস ঘটনার মাধ্যমে পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে। এর ফলে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রেস কনফারেন্সে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান, নির্বাচন কমিটির প্রধান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।