নদীভাঙা মানুষের জন্য জেল খেটেছি: আ স ম আবদুর রব

সবুজ সাহা
আলেকজান্ডার বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জেএসডি নেতা আ স ম আবদুর রব। ছবি: দৈনিক নতুনচাঁদ
আলেকজান্ডার বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জেএসডি নেতা আ স ম আবদুর রব। ছবি: দৈনিক নতুনচাঁদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসন (রামগতি ও কমলনগর) থেকে জেএসডির নির্বাচিত প্রার্থী তানিয়া রবের নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলক, সাবেক মন্ত্রী ও প্রবীণ জননেতা আ স ম আবদুর রব।

বুধবার আলেকজান্ডার বাজার এলাকায় আয়োজিত এই পথসভায় বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। জনতার ভালোবাসা ও সাড়া পেয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আ স ম আবদুর রব। তিনি তার পরিবার, মুক্তিযুদ্ধকালীন স্মৃতি এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ঘটনা তুলে ধরেন।

বক্তব্যে আ স ম আবদুর রব বলেন, “নদীভাঙা মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আমি জেল খেটেছি। মানুষের দুঃখ-কষ্টই ছিল আমার রাজনীতির মূল শক্তি।” একপর্যায়ে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, “আপনাদের এক নজর দেখতে আজ এই মাঠে এসেছি। জীবনে কখনো যদি আপনাদের কোনো ক্ষতি করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন।”

এই প্রবীণ রাজনীতিকের আবেগঘন বক্তব্যে উপস্থিত জনতার চোখে জল চলে আসে। জনসভায় উপস্থিত এক সমর্থক বলেন, “দাদার কান্না-মাখা বক্তব্য শুনে বুকের ভেতরটা ভারী হয়ে গেছে। তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন অভিভাবক। কণ্ঠে কাঁপন থাকলেও তার বিশ্বাসে কোনো ভাঙন নেই। তিনি ক্ষমতার রাজনীতি করেন না, তিনি মানুষের রাজনীতি করেন।”

জনসভায় আরও উপস্থিত ছিলেন আ স ম আবদুর রবের সুযোগ্য সন্তান সালমান বিন রবসহ জেএসডি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। পুরো পথসভা আবেগ, শ্রদ্ধা ও রাজনৈতিক দায়বদ্ধতায় এক অনন্য পরিবেশের সৃষ্টি করে।

সম্পর্কিত