কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত মেয়র প্রার্থী মো. তারিকুল ইসলামকে সমর্থন দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নগরের ধর্মসাগরপাড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, কুমিল্লাবাসীর প্রয়োজন ও প্রত্যাশার ভিত্তিতে এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও নারী শক্তিসহ সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে তারিকুল ইসলামকে সমর্থন দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নগরবাসী পূর্বের মতোই দলটির পাশে থাকবে এবং তারিকুল ইসলামকে গ্রহণ করবে।
তিনি আরও বলেন, কুমিল্লাকে আধুনিক ও পরিকল্পিত নগরে রূপান্তর, নাগরিক সমস্যা সমাধান এবং সেবার মান উন্নয়নে তারিকুল ইসলাম কাজ করবেন বলে তিনি বিশ্বাস করেন।
এ সময় এনসিপি–সমর্থিত মেয়র প্রার্থী মো. তারিকুল ইসলাম বলেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় কুমিল্লা অনেকটা অবহেলিত। নগরীর ইতিহাস-ঐতিহ্য যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং নাগরিক সমস্যার কার্যকর সমাধান হয়নি। তিনি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে তারিকুল ইসলামের পক্ষে জনসমর্থন গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়।
এতে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।