শেখ হাসিনা এলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
রাজধানীতে এনসিপির আলোচনা সভায় বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
রাজধানীতে এনসিপির আলোচনা সভায় বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসেন এবং তারেক রহমান দিল্লির সঙ্গে সমঝোতা করে তার দেশে ফেরার ব্যবস্থা করেন, তাহলে তারা প্রস্তুত আছেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হয়েছে। ঐতিহাসিক এই সময়ে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে সময় কাটাতে চান তারা। কারণ এক দফা আন্দোলনের মূল কারিগর ছিলেন জুলাইয়ের শহীদ ও আহতরা।

তিনি বলেন, এক দফার পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশ। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ ও ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের যে ঘোষণা দেওয়া হয়েছিল, তার সবকিছু এখনো বাস্তবায়ন হয়নি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি। একই সঙ্গে বিএনপির ভূমিকা নিয়েও তিনি সমালোচনা করেন।

তিনি বলেন, শহীদ পরিবার ও আহত যোদ্ধারা দেশের সম্পদ। তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং পরিবর্তনের জন্য তারা জীবন দিয়েছেন।

নাহিদ ইসলাম আরও বলেন, তারা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেননি, বরং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের লক্ষ্যেই আন্দোলন করেছেন। দেশকে আবার স্বৈরতন্ত্র, দুর্নীতি ও চাঁদাবাজির দিকে যেতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির নেত্রী ডা. মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুমসহ শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত