দেশে হামের উদ্বেগজনক প্রাদুর্ভাবের মধ্যে বিশেষ টিকাদান কর্মসূচির পরিসর বাড়ানো হয়েছে। আগামীকাল রবিবার থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হবে। পরে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে এই কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানান।
তিনি বলেন, এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাম প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। সংক্রমণ বেশি এমন এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এমআর টিকা দেওয়া হবে। আগে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনে পুনরায় টিকা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে, তবে সাপ্তাহিক ছুটির দিনে এটি বন্ধ থাকবে।
আগে পরিকল্পনা ছিল ৩ মে থেকে সারা দেশে কর্মসূচি শুরু করার, তবে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।