গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত হাম সন্দেহে মোট ৭৬৪ জন শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ৭৩৩ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনে।
এ সময়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৮৫ জন। ফলে ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৭৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।