গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৯ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জনে। এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। এ সময়ে ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর হাম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছে।