লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলগী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ বাসভবনের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
জানাজার পূর্বে মুক্তিযুদ্ধের এই বীর সন্তানকে যথাযথ রাষ্ট্রীয় সম্মান তথা গার্ড অব অনার প্রদান করা হয়। কমলনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন এবং রামগতি থানার একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে পুলিশের ১০ সদস্যের একটি চৌকস দল আনুষ্ঠানিকভাবে এই বীর যোদ্ধাকে শেষ বিদায় জানান।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে হেলাল উদ্দিন চৌধুরী অত্যন্ত সাহসিকতার সঙ্গে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতার জন্য তার এই আত্মত্যাগ ও অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সমাজসেবক হিসেবেও তিনি এলাকায় বিশেষভাবে পরিচিত ও সম্মানিত ছিলেন।
মরহুম হেলাল উদ্দিন চৌধুরী ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।